ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে ‘কুপিয়ে হত্যার’ পর বাবার আত্মসমর্পণ

author
ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪৯
ad003
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। অভিযুক্ত নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন।

রোববার ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর আমুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় নিহত মেহেদী হাসান শুভ খানের (২৫) বাবা মো. বারেক খানকে আটক করেছে পুলিশ।

ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. কবির হোসেন জানান, শুভ মাদকাসক্ত ছিলেন এবং প্রায় সময় নেশার টাকার জন্য তাঁর বাবাকে চাপ দিতেন।

গতকাল শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি মোটরসাইকেল কেনার জন্য তাঁর বাবা বারেক খানের কাছে ৩ লাখ টাকা দাবি করেন। তাঁর বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।

তিনি আরো জানান, এ নিয়ে বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে শুভর ঝগড়া হয়। পরে স্থানীয় আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে শুভ তাঁর বাবাকে হত্যার হুমকি দেন। রাতে ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমাতে যান শুভ। একপর্যায়ে ক্ষোভ ও উত্তেজনার বশে বাবা বারেক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত শুভকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘটনার পর তিনি থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম বলেন, অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT