পরশুরাম উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। পরশুরাম উপজেলার ১নং মির্জানগর ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ হিরুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় আদর্শ, সংহতি ও নীতির পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি পরশুরাম উপজেলার ১নং মির্জানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড সত্যনগর এলাকার বাসিন্দা আব্দুর রহিম দুলাল অভিযোগ করেন সত্যনগরের উত্তর পাশে জয় চাঁদপুর মোজায় সরকারি খাস ৮ শতক জায়গা দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহার করে আসছেন, হঠাৎ বিএনপি নেতা ফিরোজ আহমদ হিরু জোরপূর্বক সেই জায়গা দখলের জন্য চেষ্টা করছে,তার নিজের জায়গা বলে একটা ঘর নির্মাণ করেছে, এছাড়া স্থানীয় আরো কয়েকজন বাসিন্দা বিএনপি নেতা ফিরোজ আহমেদের বিরুদ্ধে সরকারি সহায়তার আশ্বাস দিয়ে অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন । দলীয় সূত্রে জানা গেছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে বহিষ্কার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক এবং সদস্য সচিব ইব্রাহিম খলিল মনিরের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ফিরোজ আহমেদের সঙ্গে সকল প্রকার রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ১নং মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খন্দকার।গত সপ্তাহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত করার পর এবার বিএনপির নেতা বহিষ্কার করা হয়।
সাম্প্রতিক সময়ে ফেনীর বিভিন্ন স্থানে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় পরশুরামে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।