ঢাকা | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ইং | ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা গ্রেফতার

author
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ৬ মার্চ, ২০২৬ সকাল ৭:১৬
ad003
পটুয়াখালীর বাউফল উপজেলায় আলোচিত মামুন গাজী হত্যা মামলার পলাতক আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সিফাত মল্লিককে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫মার্চ) সকালে উপজেলার কাছিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিফাত মল্লিক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাছিপাড়া ৯নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন ও একই ইউনিয়নের কারখানা গ্রামের বশির উদ্দিন মল্লিকের ছেলে। তিনি দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর গ্রেফতার হয়েছেন। 

অপর দিকে নিহত মামুন গাজী ছিলেন, উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জয়ঘোড়া গ্রামের শাহাজাহান গাজির ছেলে। 

পুলিশ জানায়, বাউফল থানার ২০১৮ সালের জিআর ৩৫০/১৮ নম্বর হত্যা মামলার আসামি সিফাত। পুলিশ মামলার অভিযোগ পত্র দাখিল করলে আদালত কয়েক দফায় আসামীকে আত্ম সমর্পণের নির্দেশ দেন। পরে ২০২৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত। দীর্ঘদিন পলাতক থাকায় বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ায় পথে পূর্ব বিরোধের জেরে নিজ দলের প্রতিপক্ষরা মামুন গাজীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে এবং কুপিয়ে  হত্যা করে। এ ঘটনায় মামুন গাজী পরিবার বাউফল থানায় মামলা দায়ের করেছিলেন। 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পরে আসামীকে আজই (বৃহস্পতিবার) আদালতে উঠানো হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT