নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণির ১১৮ জন মেধাবী শিক্ষার্থীকে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের একটি কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন জাহাঙ্গীর।
তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব। সংগঠনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সকলকে অবহিত করে তিনি বলেন, নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১২ সাল থেকে জেলার অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।
এ বছর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের জেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৫ হাজার ৮শ ৩০ জন শিক্ষার্থী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন। তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।