অপকর্মের বিরুদ্ধে দলীয় নেতাদের সতর্ক করলেন চট্টগ্রাম-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী এফসিএ।
শনিবার সকাল ৮টায় সীতাকুণ্ড কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ঈদ জামাত পূর্ব বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন তিনি।
আসলাম চৌধুরী বলেন, আজ এই জনসমূদ্র থেকে আমি আমাদের নেতৃবৃন্দকে সতর্ক করছি, সীতাকুণ্ডে যেন কোনো ধরনের অপকর্ম না ঘটে। অন্যথায় আগামী ঈদুল আজহার নামাজে নাম উল্লেখ করে সতর্ক করা হবে। তখন জনসমক্ষে আপনাদের হেয় প্রতিপন্ন হতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে নিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। এর মূল লক্ষ্য হচ্ছে জনগণের জীবন মান উন্নয়ন ও ইনসাফ কায়েম করা।
তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী মসজিদের ইমাম মোয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসার কার্যক্রম শুরু করেছেন। শুরু হয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও।
এসময় ঈদুল ফিতরের জামাতে সদ্য সমাপ্ত নির্বাচনে চট্টগ্রাম-৪ আসন থেকে জামায়াত ইসলামীর প্রার্থী আনোয়ার ছিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম এছাড়াও বিএনপি-জামায়াতের উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জামাতে শরীক হন। জামাতে হাজার হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।
নামাজ শেষে আসলাম চৌধুরী মুসল্লীদের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।