মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের জন্য উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান নিজ হাতে রোগীদের মাঝে খাবার বিতরণ করেন।
বিশেষ এই আয়োজনে রোগীরা আনন্দের সঙ্গে খাবার গ্রহণ করেন। বিশেষ করে হাসপাতালে ভর্তি স্বজনহীন রোগীরা এ খাবার পেয়ে বেশ খুশি হন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোগী ও তাদের স্বজনরা জানান, অতীতে তাদের পরিবারের কেউ হাসপাতালে ভর্তি থাকলেও এমন বিশেষ দিনে উন্নতমানের খাবার তারা খুব একটা পাননি। যদিও এমন ব্যবস্থা থাকার কথা ছিল, বাস্তবে অনেক সময় তা রোগীদের কাছে পৌঁছায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে সকালে উন্নত মানের নাস্তা পরিবেশন করা হয়। দুপুরে পোলাও, মুরগির রোস্ট, ডিমের কোর্মা ও সালাদ দেওয়া হয়। এছাড়া রাতেও রোগীদের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, রোগীদের মানসিক প্রশান্তি ও দ্রুত সুস্থতার কথা চিন্তা করে মহান স্বাধীনতা দিবসে হাসপাতালের পক্ষ থেকে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন রোগীদের মাঝে বিশেষ দিনের আনন্দ এনে দেয় এবং হাসপাতালের সেবার মান উন্নত করতে সহায়তা করে।