ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে ফারুকী পার্কের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ। পরে গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো।
পরে সর্ব সাধারনের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ স্মৃতিসৌধ উম্মুক্ত করে দেয়া হলে পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা বিএনপি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,ব্রাহ্মণবাড়িয়া ইউনিট, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজসহ শারিরীক কসরত প্রদর্শন করেন। দুপুরে স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩- আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবদুর রউফ, সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সৈয়দ এমরানুর রেজা প্রমুখ। এছাড়াও দিনটি পালনে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।