বরিশালের মেহেন্দীগঞ্জের নানাবাড়ির পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা হারুন ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ছাহাদ হোসেন (৫) ও ছাফিয়া আক্তার (৩)। তারা দুজন হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের ছাইদুল হাওলাদারের সন্তান। ছাইদুল হাওলাদার সৌদিআরবে থাকায় তার স্ত্রী দুই সন্তান নিয়ে বাবা হারুন ব্যাপারীর বাড়িতে থাকতেন।
নিহতদের মামা সাইফুল হোসেন জানান, বৃহস্পতিবার ছাহাদ ও ছাফিয়াকে দুপুরে খাওয়ানোর পরে তার মা ভাত খেতে বসেন। ওই সময় তারা দুজন ঘরের বাইরে খেলতে যায়। কিছু সময় পরে দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়।
এক পর্যায়ে বাড়ির পেছনের পুকুরে মেয়ে ছাফিয়ার লাশ ভেসে ওঠে। পুকুর থেকে ছাফিয়ার লাশ তুলতে গিয়ে ছাহাদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।