দীর্ঘ বছরের জনদুর্ভোগ লাগবে বরিশাল নগরীর কাউনিয়া বাশের হাট স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।
শুক্রবার (২৭ মার্চ) রাতে হাট পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের প্রশাসক ( দায়িত্বপ্রাপ্ত মেয়র) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এ সিদ্ধান্তের কথা জানান।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, দীর্ঘ বছর থেকে কাউনিয়া মরকখোলার পুল সংলগ্ন বাশের হাটটি ইজারার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। কিন্তু দিনে দিনে এলাকায় জনবশতি বৃদ্ধি পাওয়ায় বাশ কেনা বেচার সময়ে মুল সড়ক ব্যবহার হওয়ায় প্রায়শই যানজটসহ মানুষ চলাচলও বাধাগ্রস্থ হয়। এমনকি দূর্ঘটনার ঘটনাও ঘটে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে জনদুর্ভোগ রোধে শুক্রবার রাতে কাউনিয়া মড়ক খোলার পুল সংলগ্ন বাঁশের হাট পরির্দশন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি সমস্যাটি উপলব্ধি করে তাৎক্ষনিক ব্যবসায়ীদের সাথে আলোচনা করে হাট স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িদের দাবির মুখেই প্রশাসক মহোদয় এ সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি হাট স্থানান্তর না করা পর্যন্ত সম্প্রতি আহ্বান করা ইজারা কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। এ সময় প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস, রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার ও বাজার ও স্টল শাখার পরিদর্শক রেজাউল করিম।