ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: মানববন্ধন, গ্রেপ্তার দাবি ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৬
ad003
বরিশালের গৌরনদীতে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ-সভাপতি এম. আলম। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, উত্তম দাস, সদস্য কাজী আলামিন, সোলায়মান তুহিন, লিটন খান, আবু হানিফ, মোল্লা ফারুক, এ এস মামুন, সৈয়দ নকিবুল হক, সরদার মনিরুজ্জামান, মো. মেহেদী হাসান এবং উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু। সমাবেশটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য বি.এম. বেলাল।

বক্তারা বলেন, একজন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া কেবল একটি ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, দেশে অতীতে সাংবাদিক হত্যা ও নির্যাতনের একাধিক ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে রয়েছে। এতে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। তাই দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

সমাবেশে সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT