বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলার আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও সড়ক অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অবরোধ চলাকালে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা।
বক্তারা অভিযোগ করে বলেন, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানির ঘটনাও ঘটছে। দীর্ঘদিন ধরে এখানে একটি ফুটওভার ব্রিজ বা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তাই বিষয়টি প্রশাসনের নজরে আনতেই তারা এ কর্মসূচি পালন করেছেন।
তারা আরও জানান, আগামী তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাস্থলে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিক্ষোভকারীদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।