পটুয়াখালীর বাউফল উপজেলায় অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র হঠাৎ অন্যত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাউফল সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ কর্মসূচি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাউফল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাউফল সরকারি কলেজেই অনার্স চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র থাকলেও কোনো পূর্বঘোষণা ছাড়াই তা সরিয়ে নেওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। দূরবর্তী কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হলে তেল সংকটের কারনে অতিরিক্ত ভাড়া, সময় নষ্ট, এবং নিরাপত্তা ঝুঁকিসহ নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত ‘অমানবিক’ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন তারা। অনেক শিক্ষার্থী জানান, প্রতিদিন কয়েক ঘণ্টার পথ পাড়ি দিয়ে কেন্দ্রে পৌঁছানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে।
মেয়ে শিক্ষার্থীরা আরও জানান, তাদের অনেকেই বিবাহিত এবং ছোট শিশু সন্তানের মা। দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়া তাদের জন্য চরম কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। আমরা কীভাবে সন্তান সামলে এত দূরে গিয়ে পরীক্ষা দেব? এমন প্রশ্ন তুলে দ্রুত কেন্দ্র পুনর্বহালের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি অযৌক্তিক সিদ্ধান্তের কারণে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। দ্রুত বাউফল সরকারি কলেজেই পরীক্ষার কেন্দ্র পুনর্বহাল করতে হবে।
এ সময় শিক্ষার্থীরা স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি আমাদের অভিভাবক। আমাদের এই দুর্ভোগ থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিন।
এর আগে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বলেও জানান।
মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে অনার্স ৪র্থ বর্ষের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।