পিরোজপুর নাজিরপুরে দুর্ধর্ষ ডাকাতি মামলার দলনেতাসহ ৩ জনকে আটক করেছে র্যাব- ৮। ২২ ও ২৩ এপ্রিল বরিশাল ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তরের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান।
র্যাব জানিয়েছে, গত ১৯ এপ্রিল রাতে পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন কলারদোনিয়া গ্রামে ব্যবসায়ী মোঃ নাজমুল হাসানের (৫০) বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির পিছনে সুপারী গাছ বেয়ে ছাদে উঠে দরজা ভেংগে অস্ত্রের মুখে ওয়ারড্রপের মধ্যে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এসময় পরিবারের লোকজন একজন ডাকাতকে জাপটে ধরে আটকে রাখে। স্থানীয় লোকজন আটককৃত ডাকাত দুলাল রাড়ীকে (২২) গণপিটুনি দিয়ে আহত অবস্থায় পুলিশের নিকট হস্তান্তর করলে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
এ ঘটনায় বািড়র মালিক নাজমুল হাসানের ভাই বাদী হয়ে পিরোজপুর জেলার নাজিরপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশের অভিযাযন পত্রের আলোকে র্যাব-৮ এ মামলায় ছায়াতদন্ত শুরু করে। ইউনিটটির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ এপ্রিল অভিযান চালিয়ে ডাকাত সরদার আব্দুল আজিজকে (৫০) মাদারীপুরের সদর থানাধীন কুলপদ্দী এলাকা থেকে গ্রেফতার করে।
২৩ এপ্রিল বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে ডাকাতির মূল পরিকল্পনাকারী এমদাদুল্লাহ (৩১) ও বরিশালের বাবুগঞ্জ থানাধীন চাঁদাপাশা এলাকা থেকে আরেক ডাকাত সদস্য মো: নজরুল ইসলামকে (৫২) গ্রেফতার করে।
র্যাব জানায়, ডাকাত দলনেতা আব্দুল আজিজের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ১২ টিরও বেশি ও মূল পরিকল্পনাকারী এমদাদুল্লাহর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পিরোজপুরের নাজিরপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।