ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ

author
পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ সকাল ৭:০৯
ad003
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এক পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার ইকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযোগকারী শিক্ষার্থী লামিয়া আক্তার উপজেলার কেশবলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ায় তিনি চরম ভোগান্তিতে পড়েছেন এবং তার ফলাফল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানা গেছে।

লামিয়া আক্তার জানান, এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার সময় প্রশ্নপত্রের সংকট দেখা দেয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ৫ মিনিট পর তাকে একটি প্রশ্নপত্র দেওয়া হয়। এতে ৩০ মিনিটের নির্ধারিত সময়ের একটি উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে যায়। পরে তিনি দ্রুত উত্তর লিখে পরীক্ষা শেষ করেন।

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে বিষয়টি নিয়ে সন্দেহ সৃষ্টি হয়। সহপাঠীরা প্রশ্নপত্রটি কঠিন মনে হলেও লামিয়া নিজের পরীক্ষা ভালো হয়েছে বলে জানান। পরে প্রশ্ন মিলিয়ে দেখতে গিয়ে তিনি বিস্মিত হন এবং বুঝতে পারেন, তাকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কেন্দ্র সচিব আমিরুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের ঘটনা ঘটার কোনো সুযোগ নেই। কেন্দ্রের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম মেনেই প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি এখনো তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং দ্রুত তদন্ত করে সত্যতা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও সমাধানের দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT