কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আসমত আরা (১৮) এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/০২ ব্লকে এ ঘটনা ঘটে। ক্যাম্পের রোহিঙ্গা ব্লক মাঝি জুবায়ের হোসেন জানান , আসমত আরা নামের ওই রোহিঙ্গা নারী মায়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন।
ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত আসমত আরার পিতার নাম আব্দুর রহমান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেয়া হবে।