আওয়ামী লীগের কার্যক্রমের উপর অবৈধ নিষেধাজ্ঞার ফ্যাসিস্ট আইন বাতিলের দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল মহানগর যুবলীগ ও ছাত্রলীগ।
শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর নগরীর প্রাণকেন্দ্র ফজলুল হক এভিনিউ সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জয়বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানে মুখরিত মিছিলের একটি ভিডিও তাৎক্ষনিকভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের উদ্যোগে করা একটি ব্যানার নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কিছু কর্মী শুক্রবার জুমার নামাজের পরে নগরীর ফজলুল হক এভিনিউ কোর্ট কম্পাউন্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ওই সড়কে থাকা নগর ভবনের কাছে গিয়ে শেষ হয়। পুলিশ ঘটনাস্থলে আসার পূর্বেই মিছিলটি শেষ করে চলে যায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।
মিছিলে প্রদর্শিত ব্যানারে লেখা ছিলো আওয়ামীলীগ ছিল-আছে-থাকবে। অবৈধ নিষেধাজ্ঞা ফ্যাসিস্ট আইন মানিনা, মানবোনা। তবে ভিডিওতে থাকা নেতা-কর্মীদের স্থানীয়রা চেনেননা বলে জানা গেছে।