“Youth-Led Multi-Stakeholder Advocacy for Climate-Resilient Agriculture, Social Accountability, and Safe Cyberspace” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অ্যাডভোকেসি কর্মসূচি আজ টেকনাফে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটি আয়োজন করে Activista Teknaf এবং এতে সহযোগিতা করে SHED-এর A4T Project ও ActionAid Bangladesh.
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমামুল হাফিজ নাদিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা সৌরভ চক্রবর্তী, টেকনাফ মডেল থানার এসআই মোঃ খায়রুল।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন SHED-এর A4T Project-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার তাসলিম উদ্দিন।
এই অ্যাডভোকেসি প্ল্যাটফর্মে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে সমাজসেবা, কৃষি, যুব উন্নয়ন ও সাইবার নিরাপত্তা খাতে সেবা পাওয়ার উপযুক্ত প্রায় ৩০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। এছাড়াও Activista Teknaf টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা তুলে ধরে উন্মুক্ত আলোচনায় অংশ নেন এবং সরাসরি প্রধান অতিথির কাছে দাবি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে ActionAid Bangladesh-এর প্রতিনিধি হারিসুর রহমান বক্তব্য রাখেন। Activista Teknaf টিমের সদস্য মোঃ সোহেল ও শাকী মাঠ পর্যায়ের তথ্য-উপাত্তের ভিত্তিতে একটি তথ্যসমৃদ্ধ প্রেজেন্টেশন উপস্থাপন করেন, যেখানে কৃষি, সামাজিক সুরক্ষা ও সাইবার নিরাপত্তা খাতে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরা হয়।
উপজেলা কৃষি অফিসার তার বক্তব্যে কৃষকদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন এবং অতিরিক্ত কৃষকের তালিকা প্রদান করা হলে সেগুলোও বিবেচনায় নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি যুবকদের কৃষিখাতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে আরও ৫টি নতুন যুব সংগঠনের নিবন্ধনের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং চলতি বছরে সকল দাবিকৃত যুবদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের আশ্বাস প্রদান করা হয়।
সাইবার নিরাপত্তা বিষয়ে উপজেলা আইসিটি অফিসার একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে সাইবার অপরাধের অভিযোগ কীভাবে করতে হয় তা ব্যবহারিকভাবে প্রদর্শন করেন। পাশাপাশি, টেকনাফ উপজেলা সাইবার প্রতিনিধি Activista Cyber টিমকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে ভবিষ্যতে সাইবার রিপোর্ট শেয়ার ও সমন্বয়ের সুযোগ তৈরির উদ্যোগ নেন। ভবিষ্যতে এই টিম টেকনাফে একটি স্বতন্ত্র সাইবার সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে এ ধরনের অংশগ্রহণমূলক অ্যাডভোকেসি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি সমাজসেবা বিভাগের আওতায় উপস্থাপিত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। এছাড়া শাহপরীর দ্বীপের জেটিঘাট এলাকায় একটি ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান।
তিনি আরও বলেন, কৃষি, সমাজসেবা ও যুব উন্নয়ন সংশ্লিষ্ট সকল দাবিকে সমন্বিতভাবে বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) প্রণয়ন করা হবে, যার মাধ্যমে কার্যক্রমগুলো সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে একটি তাৎক্ষণিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে সাইবার সহিংসতার শিকার এক নারীকে টেকনাফ থানার মাধ্যমে দ্রুত সহায়তা নিশ্চিত করা হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
শেষে প্রধান অতিথি কর্মসূচিটিকে সফল ঘোষণা করেন এবং সকল অংশগ্রহণকারীর সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও Activista Teknaf টিমের সাথে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।