ঢাকা | শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ইং | ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কবি আল মুজাহিদী সিসিইউতে : অবস্থা সংকটাপন্ন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ সকাল ৬:২৯
ad003
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে।

কবির পারিবারিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। কবির কন্যা পরমা জানান, কিডনির কার্যকারিতা হারানোয় তার শরীরে বিপাকীয় অম্লতা (এসিডোসিস) তৈরি হয়েছে। এর প্রভাবে তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং তিনি একটি মৃদু হৃদরোগে (মাইনর হার্ট অ্যাটাক) আক্রান্ত হন।

বর্তমানে কবি স্বাভাবিকভাবে কথা বলতে বা খেতে পারছেন না। তাকে কৃত্রিম উপায়ে নল দিয়ে খাবার দেওয়া হচ্ছে। এছাড়া ফুসফুসে পানি জমা এবং রক্তে উচ্চমাত্রার ক্রিয়েটিনিন থাকায় চিকিৎসকরা এখনো কোনো অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে পারছেন না। হৃদস্পন্দন নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে ইলেকট্রিক শক থেরাপি দেওয়ার কথা ভাবছেন চিকিৎসকরা, তবে কবির বয়স ও সংক্রমণের ঝুঁকি বিবেচনায় তারা অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই কবি আল মুজাহিদী শয্যাশায়ী ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ও হৃদরোগে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন।

সাহিত্যের সকল শাখায় বিচরণকারী এই গুণী ব্যক্তিত্ব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দীর্ঘ সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কবিতা, উপন্যাস, অনুবাদ ও শিশুসাহিত্যে অসংখ্য কালজয়ী কাজ উপহার দিয়েছেন।

হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘যুদ্ধ নাস্তি’, ‘মৃত্তিকা অতি-মৃত্তিকা’ প্রভৃতি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। ‘প্রথম প্রেম’, ‘চাঁদ ও চিরকুট’, ‘প্রপঞ্চের পাখি’ - উপন্যাস ও গল্প । 

পুরস্কার অর্জন: সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ ছাড়াও জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা এবং সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড.শহিদ আজাদ এক বিবৃতিতে কবি আল মুজাহিদীর আশু সুস্থতা কামনা করেছেন। তারা কবির সকল ভক্তকে কবিকে প্রার্থনায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT