কুমিল্লার তিতাস উপজেলায় র্যাব-১১-এর পৃথক অভিযানে একটি প্রাইভেটকার থেকে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজা কুমিল্লা হয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচারের প্রস্তুতি চলছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী, একটি প্রাইভেটকারকে নজরদারিতে রেখে ধাওয়া করলে সেটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর এলাকা অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজারের দিকে অগ্রসর হয়।
পরে কালাকান্দি–দড়িমাছিমপুর সড়কের ভাঙা ব্রিজের কারণে যানটি বিকল্প পথে কলাকান্দি–আলীনগর সড়কে প্রবেশ করে। একপর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে প্রাইভেটকারটি ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়।
এরপর র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত প্রাইভেটকারটি তল্লাশি করে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকা থেকে পলাতক দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।