ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নববধূকে পুকুর থেকে তুলে ধর্ষণ চেষ্টার অভিযোগ, অটোচালক গ্রেফতার

author
নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা প্রতিনিধি

প্রকাশিত : ১০ মে, ২০২৬ সকাল ৬:৫৯
ad003
নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে এক নববধূকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক অটোচালকের বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী মোঃ সলেমান হাওলাদার বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামী উপজেলার সারেংকাঠী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের নুরুল হক শেখের ছেলে খোকন হাওলাদার। পরে পুলিশ তাকে গ্রেফতার করে রবিবার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নববধূর স্বামী মোঃ সলেমান হাওলাদার জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালান। গত ৬ মে বুধবার দুপুরে তার স্ত্রী আশ্রয়ন প্রকল্প সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যান। এসময় আশ্রয়নে বসবাসরত খোকন হাওলাদার সেখানে এসে অশালীন আচরণ শুরু করে।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে খোকন জোরপূর্বক ওই নারীকে ধরে নিজের রান্নাঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, অভিযুক্ত তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। ধর্ষন চেষ্টায় ব্যার্থ হয়ে সে পালিয়ে যায়। পরে ঘটনাটি পরিবারকে জানানো হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। পরে থানায় মামলা করা হয়েছে।

ভুক্তভোগীর শ্বশুর কাঞ্চন মিয়া বলেন, "খোকন দীর্ঘদিন ধরে আমার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। বুধবার টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। তাই বাধ্য হয়ে থানায় মামলা করেছি।”

এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT