কুমিল্লার দাউদকান্দিতে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি, এক ডাকাত ও এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ ও ১০ মে) রাতভর-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ মে রাত ১১টার দিকে গৌরীপুর বাজারের ফার্নিচার পট্টির খিদমাতুল কুরআন মাদ্রাসার সামনে থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
তাঁরা হলেন, দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইউনিয়নের বিটেশ্বর গ্রামের মৃত আলী আহম্মেদ এর ছেলে মো. ইকবাল হোসেন (৪৪)। এবং তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও বেপারী বাড়ীর মৃত হাজী আব্দুল মমিনের ছেলে মো. মনু মিয়া (৪৯)
এ ছাড়া রবিবার (১০ মে) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রিলায়েবেল পেট্রোল অ্যান্ড সিএনজি পাম্পের ঢাকামুখী লেনে ডাকাতির প্রস্তুতিকালে বুড়িচং থানার ময়নামতি ইউনিয়নের হোসেনপুর (তাজের বাড়ীর) আবুল কালামের ছেলে মো. আকরাম হোসেন (২১) নামে এক ডাকাতকে একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন ভোর ৪টার দিকে পৌরসভা এলাকা থেকে নোয়াখালী জেলার সেনবাগের শ্রীপর্দি গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মো. সৌরভ (২১) নামে এক চোরকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কুমিল্লা কোতয়ালী থানার ঢুলিপাড়া এলাকায় সুমন মিয়ার গ্যারেজে বসবাস করতেন।
পৃথক অভিযানে এসআই (নিরস্ত্র) মিনহাজুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মো. ইমাম উদ্দিন ও এসআই (নিরস্ত্র) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।