ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নেত্রকোণায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আশ্রয়ণ প্রকল্পের ঘরে ডেকে নিয়ে নির্যাতন, অভিযুক্ত পলাতক

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৫ মে, ২০২৬ সকাল ১০:৫৩
ad003
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় এক গৃহবধূকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে।

শুক্রবার সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও তার স্বামী ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। ফসল কাটার মৌসুম উপলক্ষে কয়েকদিন আগে তারা গ্রামে আসেন এবং আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত এক আত্মীয়ের ঘরে অবস্থান করছিলেন।

ঘটনার দিন সকালে ভুক্তভোগীর স্বামী হাওড়ে কাজ করতে গেলে স্থানীয় এক নারী কৌশলে তাকে আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত আসুক মিয়া। পরে ওই নারী ঘর থেকে বের হয়ে গেলে দরজা বন্ধ করে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

এ সময় আসুক মিয়া ওই গৃহবধূর পরিহিত কাপড় ছিঁড়ে ফেলেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাকে উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর নানা শ্বশুর বাদী হয়ে খালিয়াজুরী থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আসুক মিয়া পাঁচহাট বাজারে কলার ব্যবসা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, “অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT