বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর নূরানী বিভাগ কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ না করে চলমান রাখার দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় উপজেলার মিয়ারচর এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম সারোয়ার। বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা যারফুদুল্লাহ, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ সরোয়ার প্যাদা, ইউপি সদস্য মোঃ খাইরুল ইসলাম, সাবেক মুহতামিম মাওলানা ইয়াসিন মৃধা এবং সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক।
দীর্ঘদিন ধরে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়ের করা মামলাটি অমানবিক বলে দাবি করেন বক্তারা। এর মাধ্যমে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত করে প্রতিষ্ঠানটি বন্ধ করাটা অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেন তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, স্থানীয় শিশু-কিশোরদের নূরানী ও হেফজ শিক্ষার অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে মিয়ারচর নূরানী বিভাগ কিন্ডারগার্টেন মাদ্রাসা এলাকাবাসীর আস্থা অর্জন করেছে।
এর আগে, মিয়ারচর (লোয়াই) হাওলাদার বাড়ির বাসিন্দা মোঃ মিজানুর রহমান হাওলাদার, পিতা- আব্দুল খালেক হাওলাদার, ডাকঘর- হোসনাবাদ, গৌরনদী, বরিশাল, বরিশালের বিজ্ঞ গৌরনদী আদালতে দেওয়ানি মোকদ্দমা নং- ৬৭ এর আওতায় স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন দায়ের করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, বরিশালের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে গত ৯ মার্চ ২০২৬ তারিখে স্মারক নং- ০৫.১০.০৬০০.১১৭.০০১.২৫.৬৪ এর মাধ্যমে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
মাদ্রাসাটির পরিচালক ও লন্ডন প্রবাসী মোঃ মজিবুর রহমান বলেন, “২০১৪ সাল থেকে আমরা ব্যক্তিগত অর্থায়নে মাদ্রাসাটি পরিচালনা করে আসছি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত বা দুনিয়াবি স্বার্থ নেই। এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষার প্রসারই আমাদের মূল উদ্দেশ্য।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে মাদ্রাসার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের ন্যায়সঙ্গত সমাধান এবং শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখার দাবি জানান।