সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সেলবরষ ইউনিয়ন ও ধর্মপাশা সদর ইউনিয়েনের বাদশাগঞ্জ বাজার ও হলিদাকান্দা গ্রামের ধর্মপাশা থানা পুলিশের আয়োজিত এই সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, আত্মহত্যা এবং জমিজমা সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা।
তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়—এক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক নজরদারি বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন জোরদারের আহ্বান জানান ওসি।
সভায় বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। নিয়মিত এমন আয়োজন অপরাধ প্রবণতা কমাতে সহায়ক হবে বলেও তারা মত দেন।
শেষে উপস্থিত সবাই সম্মিলিত উদ্যোগে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।