ঢাকার কেরানীগঞ্জ থেকে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এঘটনায় মাদক বহনের কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেফতার আসামি হলেন, রাজধানীর বংশাল থানার কসাইটুলি এলাকার মৃত মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ সোহান হোসেন (৩৪)।
আজ শনিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোর ৪টা ৩০ মিনিটের সময় দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও একটি এন্ড্রয়েট মোবাইল, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা ও ৪১ বস্তা রাবারসহ কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।