ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
প্রান্তিক পরিবারের স্বপ্নে নতুন আশার আলো

নেত্রকোণায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল, টিন ও খুঁটি বিতরণ

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১৮ মে, ২০২৬ সকাল ৭:১১
ad003
নেত্রকোণার কলমাকান্দায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সোমবার (১৮ মে) উপজেলার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ছাগল, টিন ও অবকাঠামোগত উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার। অনুষ্ঠানে উপজেলার চারটি ইউনিয়ন থেকে আসা উপকারভোগী পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগলের বাচ্চা, দুটি টিন ও চারটি পাকা খুঁটি দেওয়া হয়। এর মাধ্যমে পরিবারগুলো যেন স্বল্প খরচে টেকসই ছাগল পালনের ব্যবস্থা গড়ে তুলতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় বিতরণ করা প্রতিটি ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে ক্ষুদ্র খামারিদের আর্থিকভাবে লাভবান করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুফল এখন প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে দরিদ্র পরিবারগুলো আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার বলেন, “শুধু ছাগল বিতরণ করাই আমাদের লক্ষ্য নয়। উপকারভোগীদের নিয়মিত প্রশিক্ষণ, চিকিৎসা ও পরামর্শ সেবাও দেওয়া হবে। আমরা চাই প্রতিটি পরিবার স্বাবলম্বী হয়ে উঠুক এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তা অর্জন করুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলমাকান্দা প্রেসক্লাবের শেখ শামীম, আদিবাসী নেতা মি. বথুয়েল কুবি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT