রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে রাবিসাস কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জন নবীন শিক্ষার্থী অংশ নেন। সংগঠনটির পক্ষ থেকে নবীনদের ফুল, কলম এবং মনোগ্রাম সম্বলিত প্যাড দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী ব্যুরো প্রধান আবুল কালাম মুহম্মদ আজাদ। নিজের দীর্ঘ চার দশকের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘সাংবাদিকতা হচ্ছে মাঠ থেকে খবর কুড়িয়ে আনা। আড়াই হাজার বছর আগে সক্রেটিস বলেছিলেন 'নিজেকে জানো'।এই জানার আগ্রহটাই হচ্ছে আসল। মেধার ৯৯ শতাংশই হলো জানার আগ্রহ। যার জানার আগ্রহ নেই, সে কখনো শিখতে পারে না।’
তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীদের মধ্যে একটি সহজাত প্রবৃত্তি তৈরি হয়। নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ও চিন্তাশক্তিকে এতটাই সমৃদ্ধ করে যে বিসিএস পরীক্ষার জন্য তাদের আলাদা কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না। সাংবাদিকতা শিক্ষার্থীদের মাঝে একটি 'তৃতীয় নয়ন' উন্মোচন করে, যা তাদের সাধারণ মানুষের চেয়ে গভীরভাবে যেকোনো পরিস্থিতি দেখতে ও বুঝতে সাহায্য করে।
ক্যাম্পাস সাংবাদিকতার ঝুঁকি ও আইডেন্টিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘যেখানে ঝুঁকি নেই, সেখানে প্রাপ্তিও নেই। সাংবাদিকতা করলে ক্যাম্পাসে আপনার একটি আলাদা পরিচয় তৈরি হবে। নানা অম্লমধুর অভিজ্ঞতা হবে, যা পরবর্তী জীবনে যেকোনো পেশায় সফল হতে সাহায্য করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিউর রহমান নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবিসাসের সাবেক উপদেষ্টা ইরফান তামিম। পরে রাবিসাসের সাবেক সভাপতি নোমান ইমতিয়াজ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য এবং আধুনিক সময়ের সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ, চলচ্চিত্র, খেলাধুলাসহ বিভিন্ন বিষয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কুইজে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কৃতদের মধ্যে রয়েছেন— সৈয়দ আতিফ, রমজান আলী, সুরাইয়া সিদ্দিকী, দুর্জয় রায়, লামিসা রহমান, শাওন, শুভ ও হাজেরা।
রাবিসাস সভাপতি মীর কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হাসান।
সমাপনী বক্তব্যে সংগঠনটির বর্তমান সভাপতি মীর কাদির বলেন, ‘পুরো বাংলাদেশের ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে রাবিসাসের একটি ঐতিহ্যবাহী স্থান রয়েছে। আজকে যারা বিভিন্ন বিভাগ থেকে তীব্র আগ্রহ নিয়ে এখানে এসেছেন, তাদের এই মেধা ও আগ্রহকে আমরা স্বাগত জানাই।’ নবীনদের এই মেধা ক্যাম্পাস সাংবাদিকতার ঐতিহ্যকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ শিকদার, কোষাধ্যক্ষ শাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম রাজু, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রান্ত কুমার দাশ, আইটি এন্ড ভিজ্যুয়াল কন্টেন্ট সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য রাফি উজ্জামানসহ সংগঠনটির শিক্ষানবিশ সদস্যরা উপস্থিত ছিলেন।