নেত্রকোণার মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের পর এলাকায় মাদকবিরোধী তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রোববার বিকেলে মোহনগঞ্জ পৌরশহরের মাইলোরা গ্রামের একটি বসতঘরে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও মাদকদ্রব্য সংরক্ষণের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মাইলোরা গ্রামের মো. শামছুল হক (৫৫), একই গ্রামের মো. সুমন মিয়া (৩০) এবং দৌলতপুর গ্রামের শেখ শুভ (২৩)।
পরে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শামছুল হককে সাত দিনের, সুমন মিয়াকে তিন দিনের এবং শেখ শুভকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে অর্থদণ্ডও প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, “মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দণ্ডপ্রাপ্তদের সোমবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।”
স্থানীয়রা বলছেন, সম্প্রতি এলাকায় মাদকসেবন ও মাদককারবারের অভিযোগ বাড়ছিল। প্রশাসনের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।