নেত্রকোণায় ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ছোটবাজার এলাকায় সদর ভূমি কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় নাগরিকদের জন্য অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপ প্রাপ্তিসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সেবাপ্রত্যাশীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “ভূমি সংক্রান্ত সেবাকে আরও আধুনিক, দ্রুত ও দুর্নীতিমুক্ত করতে সরকার কাজ করছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই প্রয়োজনীয় ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই এ মেলার আয়োজন।”
মেলায় আগত নাগরিকদের ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন তথ্যকেন্দ্র ও সেবাবুথ স্থাপন করা হয়েছে।
প্রথম দিন থেকেই মেলায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে অনলাইনে খাজনা পরিশোধ ও ই-নামজারি সেবা নিতে আগ্রহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।