ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মাদক ও নৌ চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে একজনকে কুপিয়ে হত্যা

author
নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৯ মে, ২০২৬ দুপুর ১২:৪৪
ad003
নারায়ণগঞ্জে মাদক ব্যবসা ও নৌ পথের চাঁদাবাজির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজরা মাকসুদুর রহমান জুয়েল (৪৪) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে দুইজনকে গ্রেফতার করছে পুলিশ। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা আশরাফউদ্দিন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই হত্যার ঘটনায় জড়িত সন্দেহে শান্তিনগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে আকাশ (৩৫), রফিকের ছেলে আশিক (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বন্দর থানার শান্তিনগর এলাকার তাজুল ইসলাম ও জোৎস্না বেগম দম্পত্তির ছেলে জুয়েল। সে স্ত্রী ঝুমুর ও দুই মেয়ে নাজলা, তাবাসসুমকে নিয়ে এই এলাকায় বসবাস করে। জুয়েল স্থানীয় মাদক ব্যবসায়ী এবং শীতলক্ষ্যা নদীতে চলমান বালুবাহি বাল্কহেড ও পন্যবাহী নৌযানে চাঁদাবাজি চক্রের সদস্য বলে জানা যায়। তার সাথে স্থানীয় পুলিশের সখ্যতা রয়েছে বলেও অভিযোগ আছে।

সূত্র বলেছে, শান্তিনগর এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে মঙ্গলবার দুপুরে মাদক সন্ত্রাসীরা জুয়েল ও স্হানীয় সাত্তারের ছেলে শ্যামল বাহিনীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। সে সময় প্রতিপক্ষ সন্ত্রাসীরা জুয়েলকে চাপাতি দিয়ে কোপালে তার মাথার পেছন দিকে গভীর কাটা রক্তাক্ত জখম হয়।

জুয়েলের বোন ঝুমা আক্তার জানায়, আমার ভাই নদীতে বাল্কহেডের টাকা আদায় করে। তাকে নদীর তীরে দুপুরে মদনগঞ্জ ছৈয়ালবাড়ী ঘাট এলাকার সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে। প্রত্যক্ষদর্শী একজন রক্তাক্ত ভাইকে হাসপাতালে নেয়ার জন্য রিকশায় উঠায়। আমি খবর পেয়ে সেখানে যাই এবং সেই রিকশায় করে তাকে সদরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাজমুল আলম জানান, জুয়েলের মাথার পেছন দিকে কোপানোর কারণে রক্তক্ষরণে পথেই মারা যায়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT