ঢাকার কেরাণীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ও ভেজাল সেমাই ধ্বংস করেছে র্যাব। এসময় দুই প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে ও র্যাব-১০ এর সহযোগিতায় কেরানীগঞ্জ মডেল থানার কোনাখোলা এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদনবিহীন এবং অস্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভেজাল সেমাই উৎপাদন করায় মোঃ রুবেল ও মোঃ মনির হোসেনকে জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ নকল সেমাই জব্দ করে ধ্বংস করা হয়।