ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

author
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ২০ মে, ২০২৬ দুপুর ২:৩৬
ad003
কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশে গরু ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের পোশাক, হ্যান্ডকাফ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌসের তত্ত্বাবধানে ও নির্দেশনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হকের নেতৃত্বে সোমবার ১৯ মে রাত ১০টা ৫০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বরুড়া উপজেলার ৪নং খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় মুগুজী-হরিপুর সড়কের পশ্চিম পাশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের চেয়ারম্যানের পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীরের ভেতর থেকে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ খলিলুর রহমান (৪৯), পটুয়াখালী
২. মোঃ সুমন মোল্লা (৪১), বরিশাল
৩. মোঃ হারুন মল্লিক (৪৬), পটুয়াখালী
৪. মোঃ মাহতাব হোসেন মৃধা (৩৮), বরগুনা
৫. আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), ভোলা
৬. মোঃ সোহাগ রানা (৪৫), পটুয়াখালী
৭. মোঃ মোশারফ মেলকার (৪৬), পটুয়াখালী
৮. মোঃ নুরুল হক (৪৪), পটুয়াখালী।

পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ২টি “DB” লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ ও দুটি চাবি, ১টি লেজার লাইট, ১টি ম্যাজিক স্টিক, ১টি হাতুড়ি, ১টি চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, ২টি ধারালো ছুরি ও ১টি স্টিল কাটার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে ডিবি পুলিশের পরিচয়ে পিকআপ ও মাইক্রোবাস ব্যবহার করে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে গরু ডাকাতিসহ বিভিন্ন ডাকাতির ঘটনা ঘটিয়ে আসছিল।

এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT