ঢাকা | সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ইং | ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন হুসনে-আরা

author
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ৫:৩৬
ad003
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস হুসনে-আরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ শিক্ষাজীবনে নিষ্ঠা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মান অর্জন করেন। ২০০৭ সালে প্রধান শিক্ষক হিসেবে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানে উৎসাহ বৃদ্ধি এবং সহশিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছেন।

মিসেস হুসনে-আরা শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে স্নাতক (বিএ) ও স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন। দর্শন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করা এ শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

সহকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তিনি একজন সৎ, কর্মনিষ্ঠ ও আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত। তাঁর নেতৃত্বে ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মিসেস হুসনে-আরাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT