রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার আব্দুল মান্নানের বিরুদ্ধে। ভিজিএফ কার্ডধারী একাধিক ব্যক্তি চাল না পাওয়ার অভিযোগ তুলে স্থানীয় সংসদ সদস্যের স্বাক্ষরিত আবেদন বিভিন্ন দফতরে জমা দিয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হলেও বর্তমানে অনেক প্রকৃত উপকারভোগী নিয়মিত চাল পাচ্ছেন না। বিশেষ করে নতুন ডিলার নিয়োগের পর থেকে অনিয়ম বেড়েছে বলে দাবি অভিযোগকারীদের।
জানা গেছে, রায়ঘাটি ইউনিয়নের ডিলার হয়েও ঘাসিগ্রাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ব্যক্তিগত বসতবাড়ি থেকে বিক্রয় কার্যক্রম পরিচালনা করছেন ডিলার আব্দুল মান্নান। এতে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি এটি সরকারি নীতিমালারও পরিপন্থী বলে দাবি স্থানীয়দের।
অভিযোগকারী চামিলি বেগমের স্বামী জানান, আগে নিয়মিত চাল পেলেও চলতি মাসে তারা চাল পাননি। ডিলার চালের পরিবর্তে টাকা দেওয়ার কথা বললেও পরে আর কোনো টাকা দেননি বলেও অভিযোগ করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ডিলার আব্দুল মান্নান বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমি কোনো অনিয়ম করিনি।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে নতুনভাবে ডিলার নিয়োগ পাওয়ার পর থেকেই আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। উপজেলার তিনটি দফতর পৃথকভাবে তদন্ত করছে বলে জানা গেছে।
তদন্তের দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা জানান, অভিযোগের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের একাধিকবার ডাকা হলেও তারা উপস্থিত হননি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।