ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ১২হাজার ২৫৪টি গবাদিপশু প্রস্তুত, চাহিদার তুলনায় চেয়ে বেশি

author
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ৫:৫০
ad003
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় কোরবানির জন্য মোট ১২ হাজার ২৫৪টি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে। যেখানে চাহিদার তুলনায় প্রায় ১ হাজার ৮৬৮টি বেশি পশু প্রস্তুত রয়েছে । এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৯ হাজার ৬১৭টি এবং ছাগল-ভেড়া ও অন্যান্য পশুর সংখ্যা ২ হাজার ৬৩৭টি।

আজ বৃহস্পতিবার  (২১ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, খামারী পর্যায়ে হৃষ্ট-পুষ্ট করা হয়েছে ৬ হাজার ৩৩৯টি গরু-মহিষ। এর মধ্যে ষাঁড় ৬ হাজার ২৩৪টি, বলদ ৩টি এবং গাভী ১০২টি। একই পর্যায়ে ছাগল ১ হাজার ৮৫২টি, ভেড়া ১৮৫টি ও অন্যান্য পশুসহ মোট গবাদিপশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩৭৬টি।

অন্যদিকে পারিবারিক পর্যায়ে প্রস্তুত করা হয়েছে ৩ হাজার ২৭৮টি গরু-মহিষ। এর মধ্যে ষাঁড় ৩ হাজার ২৪০টি, বলদ ২টি এবং গাভী ৩৬টি । এছাড়া ছাগল ৫০০টি ও ভেড়া ১০০টিসহ মোট গবাদিপশুর সংখ্যা ৩ হাজার ৮৭৮টি।

সব মিলিয়ে উপজেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত মোট গবাদিপশুর সংখ্যা ১২ হাজার ২৫৪টি । এর বিপরীতে স্থানীয় চাহিদা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৩৮৬টি পশু । ফলে চাহিদার তুলনায় উপজেলায় অতিরিক্ত পশু রয়েছে ১ হাজার ৮৬৮টি ।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান  বলেন, এ বছর কুরবানির পশুর কোনো সংকট নেই । চাহিদার তুলনায় প্রায় ১ হাজার ৮৬৮টি বেশি পশু প্রস্তুত রয়েছে । এছাড়া রোগমুক্ত ও স্টেরয়েডমুক্ত পশু নিশ্চিত করতে হাট মনিটরিং ও ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম মাঠে কাজ করবে ।

এ দিকে উপজেলা প্রশাসন ও কেন্দুয়া পৌরসভা সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থায়ী ১২টি ও অস্থায়ী ২২টিসহ মোট ৩৪টি এবং কেন্দুয়া পৌরসভার আরো ১টি স্থায়ীসহ মোট ৩৫টি পশুর হাট রয়েছে ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT