ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র নদে ডুবল ভিজিএফের চালবোঝাই দুই নৌকা

author
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ২১ মে, ২০২৬ সকাল ১০:৫২
ad003
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ঝোড়ো আবহাওয়ার কবলে পড়ে সরকারি ভিজিএফের (ভিজিটেবল ফিডিং) চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এতে নৌকা দুটিতে থাকা ৪৬৭ বস্তায় ২৩ হাজার ৩৫০ কেজি চাল ব্রহ্মপুত্র নদের গভীর পানিতে তলিয়ে গেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য এই চাল নিয়ে যাওয়া হচ্ছিল।

​বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​ফুলছড়ি উপজেলা খাদ্য গুদাম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এরেন্ডাবাড়ি ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২৩ হাজার ৩৫০ কেজি চাল মোট ৪৬৭টি বস্তায় প্রতি বস্তায় ৫০ কেজি করে । বুধবার (২০ মে) বিকেলে খাদ্য গুদাম থেকে খালাস করা হয়। আজ সকালে চালবোঝাই দুটি ইঞ্জিনচালিত নৌকা এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বালাসীঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র দমকা হাওয়া ও বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়। প্রচণ্ড ঢেউ ও ঝোড়ো বাতাসের কারণে নৌকা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুহূর্তের মধ্যেই ব্রহ্মপুত্র নদে তলিয়ে যায়।

​স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে নদী থেকে কিছু চালের বস্তা উদ্ধার করলেও স্রোত এবং পানির গভীরতা বেশি থাকায় সিংহভাগ চালই উদ্ধার করা সম্ভব হয়নি।

​ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "চালগুলো গতকাল (বুধবার) গুদাম থেকে সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হয়েছিল। এগুলো এরেন্ডাবাড়ি ইউনিয়নের ভিজিএফের চাল ছিল। দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হবে।"

​এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, "নৌকাডুবির খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বস্তির বিষয় হলো, নৌকায় থাকা মাঝিমাল্লা বা সংশ্লিষ্ট কেউ হতাহত হননি, সবাই নিরাপদে তীরে উঠতে পেরেছেন। তবে চালের বস্তাগুলো নদের অতিরিক্ত গভীর পানিতে তলিয়ে যাওয়ায় এবং তীব্র স্রোতের কারণে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।"

​ঈদের আগে দুস্থদের জন্য বরাদ্দকৃত এই বিশাল পরিমাণ চাল নদীতে তলিয়ে যাওয়ায় এরেন্ডাবাড়ী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা তা এখনো জানা যায়নি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT