কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করেই নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে হাজির হন নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে তার এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, পুরুষ ও নারী ওয়ার্ড, শিশু বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, ডাক্তার-নার্সদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও সেবার মান নিয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন সংসদ সদস্য। একই সঙ্গে রোগীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সূত্র জানায়, হাসপাতালের কিছু সেবার বিষয়ে রোগীদের কাছ থেকে অভিযোগও শোনেন এমপি। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. আনোয়ারুল হক বলেন, “সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। হাসপাতালে যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”
তিনি আরও বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং রোগীদের ভোগান্তি কমাতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাসপাতালে এমপির এমন হঠাৎ উপস্থিতি সাধারণ রোগী ও স্বজনদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ ধরনের তদারকিকে সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন।