ঢাকা | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ইং | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ডান হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত

নিরাপদ সড়কের আন্দোলনকারী সাংবাদিক তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২১ মে, ২০২৬ দুপুর ৩:১৭
ad003
দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলন, জনসচেতনতা বৃদ্ধি ও রোড সেফটি নিয়ে কাজ করা সাংবাদিক তরিকুল ইসলাম নিজেই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তার ডান হাত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি বারডেম হসপিটালে চিকিৎসাধীন।
 
বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে ঢাকার শ্যামলীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরউই) যাওয়ার পথে বিজয় সরণি-তেজগাঁও ফ্লাইওভারের ওপর গিয়ে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেন। তার ডান হাতে মারাত্মক আঘাত লেগেছে। হাতের একাধিক জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন। তিনি বর্তমানে ঢাকার শাহবাগে অবস্থিত বারডেম হসপিটালে চিকিৎসাধীন। 

সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করা একজন কর্মী নিজেই সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় সহকর্মী, সাংবাদিক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগের জন্ম হয়েছে। চালকদের অদক্ষতা বা খামখেয়ালীপনার জন্য অন্যের জীবন বিপন্ন হয়। ট্রাফিক আইন না মানার কারণে প্রতিনিয়ত পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক, সাংবাদিক, উন্নয়নকর্মী কিংবা সড়ক নিরাপত্তা অধিকারকর্মীরা ঝুঁকির মধ্যে রয়েছেন।

নিরাপদ সড়ক সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি নাগরিকের জীবন রক্ষার মৌলিক অধিকার। তাই নিরাপ গতি নিশ্চিত করা, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, পথচারীর নিরাপত্তা, দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন চালানো এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ ও তার সহকর্মী সাংবাদিকরা তরিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT