Civil Aviation Academy কর্তৃক গ্রেড-২০ কর্মচারীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্স নং-০১” এর সনদ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীদের পেশাগত দক্ষতা, কর্মনিষ্ঠা, দাপ্তরিক আচরণ এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
উক্ত কোর্সে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ২৪ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং অনুষ্ঠানে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী, পরিচালক, সিভিল এভিয়েশন একাডেমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মজিবুর রহমান মিয়াজী, উপ পরিচালক (এটিএম), সিভিল এভিয়েশন একাডেমি; জনাব মোহাম্মদ আবিদুল ইসলাম, উপ পরিচালক (মানব সম্পদ উন্নয়ন ও সাধারণ প্রশিক্ষণ) (প্রশাসন) অতিরিক্ত দায়িত্ব; এবং রমা রানী বিশ্বাস, সহকারী পরিচালক (প্রশাসন)।
প্রধান অতিথির বক্তব্যে জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, “একটি দক্ষ, দায়িত্বশীল ও সেবামুখী জনবল গঠনের জন্য মৌলিক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মচারীদের পেশাগত জীবনের ভিত্তি আরও সুদৃঢ় করবে।” তিনি আরও বলেন, ভবিষ্যতেও সময়োপযোগী ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে সিভিল এভিয়েশন একাডেমি মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি জনাব মোঃ মজিবুর রহমান মিয়াজী তার বক্তব্যে কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও দলগত কাজের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।
জনাব মোহাম্মদ আবিদুল ইসলাম বলেন, “মানবসম্পদ উন্নয়ন যেকোনো প্রতিষ্ঠানের অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এই প্রথমবারের মতো আয়োজিত ফান্ডামেন্টাল ট্রেনিং কোর্স ভবিষ্যতে আরও বিস্তৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
রমা রানী বিশ্বাস সফল প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মচারীদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।