ঝিনাইদহের মহেশপুরে র্যাব-৬ এর অভিযানে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (২২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে মহেশপুর থানাধীন সামান্তা গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাদের মাঝখানে থাকা দুটি বস্তা থেকে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন— মোঃ সবুজ হোসেন (৩৩), পিতা শফিকুল ইসলাম, গ্রাম যাদবপুর এবং মহাসিন আলী (৩২), পিতা হায়দার আলী, গ্রাম বেতবেড়ী। তারা উভয়েই মহেশপুর থানার বাসিন্দা।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামতসহ গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির আওতায় অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ অস্ত্র, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অভিযান চলবে।