মুন্সীগঞ্জ শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ব্রাক ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম দেওভোগ এলাকার প্রয়াত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং রাজধানীর মিরপুর এলাকার মো. রিপনের ছেলে মো. আজওয়াদ (২২)। তারা দুজনই ব্রাক ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্র ও নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী জানান, শুক্রবার দুপুরে ব্রাক ইউনিভার্সিটির ১৩-১৪ জন শিক্ষার্থী সোপানের দাদা বাড়িতে বেড়াতে আসেন। বিকেল ৪টার দিকে কয়েকজন শিক্ষার্থী বাড়ির চারতলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ বাড়ির ভেতরের পুকুরে গোসল করতে নামেন।
এক পর্যায়ে আজওয়াদ পা পিছলে ঘাট থেকে পানিতে পড়ে তলিয়ে যেতে থাকেন। তিনি সাঁতার জানতেন না। বন্ধুকে বাঁচাতে এগিয়ে যান সোপান। তবে দুজনই পানিতে ডুবে যান।
পরে অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, ঢাকা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে দুই শিক্ষার্থী পানিতে নেমে আর উঠতে পারেননি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।