ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির নিচে মিলল সোনালি গণেশমূর্তি

author
‎আক্কেলপুর, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩ মে, ২০২৬ ভোর ৪:৫৭
ad003
একটি ধাতব গণেশমূর্তিকে স্বর্ণের তৈরি মনে করে সেটি কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার অভিযোগ উঠেছে তিন কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মূর্তিটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

‎‎ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের গণিপুর গ্রামে।

‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গ্রামের সাজু হোসেন তার বন্ধু মিনহাজ ও রব্বানীকে নিয়ে বাড়ির পাশের একটি মণ্ডপসংলগ্ন জঙ্গলে গাব পাড়তে যায়। এ সময় সাজুর পায়ে মাটির নিচে শক্ত কোনো বস্তু অনুভূত হলে তারা মাটি খুঁড়ে একটি সোনালি রঙের গণেশমূর্তি উদ্ধার করে।

‎পরে মূর্তিটি স্বর্ণের হতে পারে—এমন ধারণা থেকে তারা সেটি বাড়িতে নিয়ে যায়। এরপর হ্যাকস ব্লেড দিয়ে মূর্তিটির মাথা ও কানের অংশ কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে জানা গেছে।

‎শুক্রবার সকালে বিষয়টি প্রকাশ্যে এলে গ্রামজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষজন। স্থানীয়দের দাবি, মূর্তিটির কিছু অংশ এখনও কয়েকজনের কাছে রয়েছে। তবে মূল অংশ নিয়ে সাজুর বড় ভাই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

‎‎সাজু হোসেন বলেন, “আমরা প্রথমে বুঝতে পারিনি এটা কী। পরে সোনার মতো মনে হওয়ায় অংশ কেটে ভাগ করে নিই।”

‎‎স্থানীয় ইউপি সদস্য সরদার আয়নাল হোসেন বলেন, “পরীক্ষা ছাড়া এটি স্বর্ণের কি না বলা সম্ভব নয়। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।”

‎আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মূর্তিটির প্রকৃতি ও সম্ভাব্য প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাইয়ে কাজ চলছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT