নেত্রকোণার বারহাট্টায় খোলা সয়াবিন তেল বোতলে ভরে জনপ্রিয় ব্র্যান্ড ‘বোরাক’-এর নকল মোড়কে বাজারজাতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউলী নতুনবাজার এলাকায় অভিযান চালায় বারহাট্টা থানা পুলিশ। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম কাজল কুন্ড (৩৭)। তিনি উপজেলার সাহতা ইউনিয়নের যতীন্দ্র কুন্ডের ছেলে এবং দেউলী নতুনবাজারের ব্যবসায়ী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—কাজল কুন্ড তার গুদামে খোলা সয়াবিন তেল বোতলে ভরে ‘বোরাক’ ব্র্যান্ডের নকল মোড়ক লাগিয়ে বাজারজাতের প্রস্তুতি নিচ্ছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে গুদাম থেকে নকল মোড়কে তেল ভরার সরঞ্জাম, বোতল ও অন্যান্য মালামাল জব্দ করে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, অভিযানের সময় গুদামে খোলা তেল বোতলজাত করার প্রমাণ পাওয়া যায়। পরে প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত সব মালামাল জব্দ করা হয়েছে।
এ সময় পুলিশ সদস্যসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।