গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামে ৭মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী রাজু আহাম্মদকে আটক করা হয়।
আজ শনিবার (২৩ মে) সকালের দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার আমিনুল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাকিলা আক্তার (২৮) দিনাজপুর জেলার বিরামপুর থানার শিমুলতলী গ্রামের সাইদুর রহমানের মেয়ে। এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে রংপুর জেলার কাউনিয়া এলাকার আ. রাজ্জাকের ছেলে রাজু আহাম্মদ (৩০) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ভিনটেক্স ডেনিম লিমিটেড নামক কারখানায় চাকুরি করেন। শাকিলা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল, ঘটনাস্থল থেকে স্বামী রাজুকে আটক করা হয় জানিয়েছে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে নিহতের বোন সাবিনা বলেন,'প্রেমের সম্পর্কের কারনে এক বছর পূর্বে বিয়ে হয় শাকিলা ও রাজুর। স্ত্রীকে নিয়ে রাজু ওই বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরি করতো। শাকিলা সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিল। শনিবার (২৩ মে) রাতে তাদের মধ্যে টাকাপয়সা নিয়ে ঝগড়া হয়েছে।ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। রাত সাড়ে তিনটার দিকে সে নাকি ঘরের ভেতর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। স্বামী স্ত্রী এক ঘরে থাকতো। তাহলে শাকিলা যখন ফাঁসিতে ঝুলে তখন রাজু কোথায় ছিলো.?। সে-ই তাকে মেরেছে। এ ঘটনার বিচার চাই।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন ,'খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। স্বামীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।'