জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী-এর ওপর হামলার প্রতিবাদে নেত্রকোণায় মশাল প্রজ্জ্বলন ও বিক্ষোভ মিছিল করেছে দলটির জেলা শাখা। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক জামিল ফয়েজীর নেতৃত্বে একটি মশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের পরামর্শে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শফিকুল হক চৌধুরী, যুগ্ম সদস্য সচিব আবুল খায়ের রুবেল, সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন কাজল এবং যুগ্ম আহ্বায়ক শাহ এনায়েম কবীরের পক্ষে আহমদ শফিসহ দুই শতাধিক নেতাকর্মী।
এ সময় কেন্দ্রীয় সংগঠক ও এনসিপি মনোনীত মেয়র প্রার্থী মো. সোহাগ মিয়া প্রীতম কর্মসূচিতে উপস্থিত থেকে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
সমাবেশে বক্তারা নাসিরুদ্দিন পাটোয়ারী-এর ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।