ঢাকা | সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ইং | ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নেত্রকোণায় চিকিৎসকের ফ্ল্যাটে ‘নীরব চুরি’

তালা অক্ষত, উধাও ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ২৪ মে, ২০২৬ সকাল ৯:৩৭
ad003
নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরে এক চিকিৎসকের ভাড়া বাসায় ঘটেছে রহস্যঘেরা চুরির ঘটনা। মূল দরজার তালা অক্ষত রেখেই দুর্বৃত্তরা ফ্ল্যাটে প্রবেশ করে আলমিরার ড্রয়ার ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার বিকেলে পৌরশহরের মাইলোড়া এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসক অন্নপূর্ণা দেব বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি তার মা জবা দেবকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো বাসায় তালা লাগিয়ে মা’কে সঙ্গে নিয়ে কর্মস্থলে যান অন্নপূর্ণা দেব। বিকেলে ফিরে চাবি দিয়ে মূল দরজা খুলে ভেতরে ঢুকতেই তাদের চোখে পড়ে তছনছ করা ঘর। আলমিরার ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে ছিল এবং সেখানে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা উধাও।

চিকিৎসক অন্নপূর্ণা দেব বলেন, “বাসা থেকে বের হওয়ার সময় নিজ হাতে দরজায় তালা লাগিয়েছিলাম। ফিরে এসে দেখি তালা ঠিকই আছে। কিন্তু ঘরে ঢুকে দেখি আলমিরা ভাঙা এবং সবকিছু এলোমেলো। কীভাবে চোর ভেতরে প্রবেশ করেছে, তা বুঝতে পারছি না।”

তার মা জবা দেব জানান, “দরজার তালায় কোনো ভাঙচুরের চিহ্ন ছিল না। আমরা নিজের চাবি দিয়েই দরজা খুলেছি। পুরো ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।”

খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, “ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কীভাবে চোর ভেতরে প্রবেশ করেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT