বর্তমান চলতি বছরে ইরি, বোরো মৌসুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কৃষক অ্যাপের মাধ্যমে উন্মুক্ত লটারিতে ৩ শ ৫১ জন কৃষক কে নির্বাচিত করা হয়।
প্রত্যেক কৃষকের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ৩ মেট্রিক টন করে ধান ক্রয় করা হবে। এছাড়াও চলতি মৌসুমে চুক্তিবদ্ধ মিলারদের নিকট থেকে ৪৯ টাকা কেজি ধরে ২৬শ৪৭ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহে গাইবান্ধার সাঘাটায় অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
গত রোববার ২৪ মে সাঘাটা উপজেলার বোনার পাড়া সরকারি খাদ্য গুদামে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল ওয়ারেছ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মতিয়ার রহমান, চালকল মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গফুর ও বিএনপি নেতা আলাউদ্দিন মন্ডল প্রমুখ।