পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে দুই হাজার সদস্যের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগে খুশি উপকারভোগী পরিবারগুলো।
মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেওয়া হয়। যৌথভাবে এ আয়োজন করে রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি., কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লি. এবং রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর, সেক্রেটারি তানজু বেগম, সভাপতি আসমা খাতুন, সেক্রেটারি আলপিনা খাতুন এবং কলমাকান্দা প্রেসক্লাব-এর সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমিতির সভাপতি আসমা খাতুন বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা প্রতিবছরই সদস্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিশেষ করে নিম্ন আয়ের ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।”
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। ময়না আক্তার নামে এক সদস্য বলেন, “ঈদের আগে এমন সহায়তা পেয়ে আমরা খুব খুশি। এতে পরিবারের ঈদের প্রস্তুতি অনেকটাই সহজ হয়েছে।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসচ্ছল মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।