মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নিহত জরিপ সেখের স্ত্রী ফাতেমা বেগম দুধ কিনতে প্রতিবেশী ইদ্রিস সেখের বাড়িতে যান। এ সময় গরুর গোবর ফেলা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ইদ্রিস সেখের পরিবারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
পরে বিষয়টি ফাতেমা বেগম তার স্বামী জরিপ সেখকে জানান। পরে জরিপ সেখ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে ইউসুফ সেখের বাড়িতে যান। সেখানে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
একপর্যায়ে ইউসুফ সেখ ও তার ছেলে পলাশ সেখ দা, বটি ও কুড়াল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ইউসুফ সেখ কুড়াল দিয়ে জরিপ সেখের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত ইউসুফ সেখ ও তার ছেলে পলাশ সেখকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী জানান, পারিবারিক ও প্রতিবেশী বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে এবং পরে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
টঙ্গিবাড়ী থানার এসআই ওসমান জানান, “একজন বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।