ঢাকা | রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং | ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চিকনি বিলে মর্মান্তিক নৌকাডুবি: নারী-শিশুসহ নিহত ২, হাসপাতালে কিশোরী

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ১ জুন, ২০২৬ দুপুর ৩:৩০
ad003
নেত্রকোণার পূর্বধলা উপজেলার চিকনি বিলে নৌকাডুবির এক মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোরী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা থেকে কয়েকজন আত্মীয়স্বজন পূর্বধলার বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে তারা ৫-৬ জন মিলে চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় ঘুরতে বের হন। একপর্যায়ে নৌকাটিতে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে ভারসাম্য হারিয়ে সেটি ডুবে যায়।

নৌকাডুবির পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)-কে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হয়েছে পূর্বধলা উপজেলার বিষম্ভপুর গ্রামের আসমত আলীর মেয়ে মিম (১২)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই নৌকাটি ডুবে যায়। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে বিল ও জলাশয়ে ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের প্রবণতা প্রায়ই দেখা যায়। সচেতনতার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT